পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

পৈত্রিক সম্পত্তিতে নিজেদের ন্যায্য অধিকার ফিরে পেতে বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক বোন। শুক্রবার রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষে কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাহানারা বেগম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এস.এ জরিপ অনুযায়ী মৌজা খতিয়ান নং–১২৬১/১ এর দাগ নং–৫২৫২সহ মোট ১৩টি দাগ এবং বি.এস জরিপ অনুসারে এনএ কাটন মৌজার খতিয়ান নং–২৩৬ এর দাগ নং–২০০৭, ২০৬৩সহ আরও কয়েকটি দাগের জমি তাদের পৈত্রিক সম্পত্তি।
জাহানারা বেগম বলেন, আমাদের পিতা ১০ বছরেরও বেশি সময় আগে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর আমাদের বড় ভাই এম এ মোজালেম শরীফ মৌখিকভাবে আমাদের অংশ বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো সম্পত্তি বুঝিয়ে দেননি।
তিনি অভিযোগ করেন, নিজেদের ন্যায্য অংশ বুঝে নিতে চাইলে বড় ভাই বারবার সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে গোপন সূত্রে তারা জানতে পারেন, তাদেরকে কিছু না জানিয়ে বড় ভাই ও অন্য ভাইয়েরা এককভাবে জমিতে দখল প্রতিষ্ঠা করে সেখানে ঘর নির্মাণ শুরু করেছেন।
এই বিষয়ে বাধা দিতে গেলে গত ৩ ফেব্রুয়ারি উত্তেজনা সৃষ্টি হয় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। পরে ৫ ফেব্রুয়ারি তারিখে মহিপুর থানায় অভিযোগ দাখিল করে তারা জমিতে নিজেদের দখল প্রতিষ্ঠার চেষ্টা করেন। এ সময় বড় ভাই পুলিশ এনে তাদেরকে হয়রানি করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয়।
জাহানারা বেগম আরও জানান, পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে থানায় উপস্থিত হয়ে কাগজপত্র দেখানোর নির্দেশ দেয়। নির্ধারিত সময়ে তারা থানায় উপস্থিত হলেও বড় ভাই একই সময়ে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন এবং পরে থানায় আসেন।
ওসি উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে নির্বাচনজনিত কারণে আগামী ১৫ ফেব্রুয়ারি তারিখ পরবর্তী সিদ্ধান্তের দিন নির্ধারণ করেন এবং কাউকে আইন হাতে না নিতে নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বড় ভাই পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংবাদিক সম্মেলনে কুয়াকাটা পৌরসভার এক জামায়াত নেতার মাধ্যমে জমি দখলের মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়িয়েছেন।
জাহানারা বেগম স্পষ্ট করে বলেন, যাকে রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, তিনি আমাদের পরিবারেরই সদস্য ও আমার আপন ভাগিনা। পুরো বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক রং লাগিয়ে আমাদের ন্যায্য দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা।
তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে পৈত্রিক ওয়ারিশী সম্পত্তির সুষ্ঠু ও আইনসম্মত সমাধানের দাবি জানান

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button