পটুয়াখালী ভূমি অধিগ্রহণ শাখায় দালাল আটক, ৩ মাসের কারাদণ্ড

পটুয়াখালী, ৪ জুন: পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক দালালকে আটক করা হয়েছে। পরে তাকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. সিদ্দিক মৃধা (পিতা: সোবাহান মৃধা), গ্রামের বাড়ি আউলিয়াপুর।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার সময় সন্দেহজনক অবস্থায় সিদ্দিক মৃধাকে আটক করা হয়। অফিস চলাকালে সার্ভেয়ারদের কক্ষে তার উপস্থিতির কারণ এবং সংশ্লিষ্ট এলএ মামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি দালালি সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে অংশ নেবেন না বলে অঙ্গীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্ট তাকে ২০০ টাকা জরিমানা এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জেলা প্রশাসন জানায়, ভূমি অধিগ্রহণসহ সকল সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। দালালচক্র ও হয়রানি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




আপনার মন্তব্য লিখুন