নুর নির্বাচিত হতেই বেপরোয়া কর্মীরা, সংখ্যালঘু নির্যাতনের হিড়িক!

সংসদ নির্বাচনের পরপরই উত্তপ্ত গলাচিপা–দশমিনা

পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর ধারাবাহিক হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুরের  কর্মী–সমর্থকদের বিরুদ্ধে। নুর  গণঅধিকার পরিষদের সভাপতি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের হয়ে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

- বিজ্ঞাপন -

ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে গলাচিপা উপজেলার চর কাজল এলাকায় সংখ্যালঘু ব্যবসায়ী নকুল মন্ডলের ওপর অতর্কিত  হামলা করেন নুরের ক্যাডার বাহিনী। এর কিছুক্ষণ পর দশমিনা উপজেলার ডাকুয়ার ৭ নম্বর ওয়ার্ডে শ্যাপাল বালা(৩৫) এর ওপর হামলা করে আহত করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ছাড়া উলানিয়া বন্দরে প্রবীণ বিএনপি নেতা ও সাবেক শিক্ষক হীরন লাল শীলকে তাঁর নিজ বাসায় অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য, তাঁর বাড়ির আশপাশে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কয়েকজন অবস্থান করছে নুরের কর্মীরা।

স্থানীয়রা জানান, ধারাবাহিক হামলা ও হুমকির কারণে সনাতন ধর্মাবলম্বী পরিবারের নারী ও শিশুসহ সবাই চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। আতঙ্কের কারণে অনেকেই বাড়ির বাইরে যেতে পারছেন না।

জানাগেছে, চর বিশ্বাসের চর আগুস্তি, ডাকুয়ার হোগলবুনিয়া, চিকনিকান্দি ও বকুলবাড়িয়াসহ একাধিক এলাকায় সনাতন ধর্মাবলম্বী পরিবার ও বিএনপি নেতাকর্মীরা হামলা ও হুমকির মুখে দিন কাটাচ্ছেন। কয়েকটি এলাকায় দোকানপাট বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষের চলাচলও কমে এসেছে।

- বিজ্ঞাপন -

এ বিষয়ে নুরুল হক নুরের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান  জানান, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নুরুল হক নুর পটুয়াখালী–৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button