দুমকিতে চলাচলের রাস্তার বিরোধে মহিলাসহ পাঁচজনকে কুপিয়ে জখম

পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুমকি গ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ পাঁচজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন ও হানিফ হোসেন গংদের সঙ্গে সিদ্দিক মৃধা গংদের দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে সিদ্দিক মৃধা গংরা আবুল হোসেন ও হানিফ হোসেন গংদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলায় সাফিয়া বেগম (৪৫), সোহরাব হাং (৫৮), আবুল হোসেন (৬৫), মূছা (২৬) ও নজরুল (২৮)আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত সিদ্দিক মৃধার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন বলেন, আমরা বিষয়টি অবগত আছি। ঘটনার পরপরই আমাদের পুলিশ সদস্যরা হাসপাতালে আহতদের অবস্থা পরিদর্শন করেছেন। ভুক্তভোগী পরিবার এখন থানায় অবস্থান করছেন, এজাহার প্রস্তুতি চলছে, এজাহার হলেই সর্বোচ্চ আইনী ব্যবস্থা নেয়া হবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button