দশমিনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

দশমিনা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও রহস্যের উদ্ভব হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নম্বর আলীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মীরমদন গ্রামের কলাতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মোসা. তোহামিনা (৩৫) ওই এলাকার মৃত আলতাফ সরদারের মেয়ে। তিনি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর এলাকার এক সৌদি প্রবাসীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে প্রবাসে অবস্থানকালে তাদের মধ্যে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে দেশে এসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় এক বছর আগে তোহামিনা প্রবাসের চাকরি ছেড়ে দেশে ফিরে বাবার বাড়িতে বসবাস করছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কাজে বাইরে গেলে তোহামিনা ঘরে একা ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে তার চাচা পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাকে ঘরের সামনের বারান্দায় আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহটি দেখতে পান এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এলাকাবাসী সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।




আপনার মন্তব্য লিখুন