ডাক্তারের অবহেলায় গলাচিপা হাসপাতালে ছাত্রদল নেতা নিবিড়ের মৃত্যুর অভিযোগ

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার বিকেল আনুমানিক ৫টার দিকে তার মৃত্যু হয়। মৃত নিবিড় মাহমুদ (১৭) রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তিনি রাঙ্গাবালী উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের মজিবুর গাজীর ছেলে।
নিহতের বাবা মজিবুর গাজী অভিযোগ করে বলেন, ডায়রিয়া ও জ্বর নিয়ে সোমবার সকাল ১০টার দিকে অসুস্থ অবস্থায় নিবিড় মাহমুদকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। অবস্থার অবনতি হলেও দায়িত্বরত চিকিৎসকরা বিষয়টি গুরুত্ব দেননি। এতে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।
তিনি আরও বলেন, রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়লেও সময়মতো তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়নি। শেষ মুহূর্তে বনসই রেখে পটুয়াখালী নিয়ে যেতে বলা হয়। কিন্তু ততক্ষণে নিবিড়ের মৃত্যু হয়।
স্বজনদের দাবি, রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেও তাদের তা জানানো হয়নি। এমনকি হাসপাতালে মৃত্যুর পর মরদেহ রেফার করা হয়। পরে দায় এড়াতে বনসই রেখে পটুয়াখালী নিয়ে যেতে বলা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. নোমান পারভেজের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন তাৎক্ষণিকভাবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button