গলাচিপায় ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের, আহত ২

ঈদের আনন্দঘন মুহূর্তে শোক নেমে এসেছে পটুয়াখালীর গলাচিপায়। পৌরশহরের গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আল ফয়সাল (২২) ও তামিম ইকবাল (১৬) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টা ১৩ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম ইকবাল গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. ঝিলাম মিয়ার ছেলে। অপর নিহত আল ফয়সাল তামিরুল মিল্লাত ঢাকা টুঙ্গি শাখার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং একই এলাকার ব্যবসায়ী আবুল হোসেন (আবু) মিয়ার ছেলে।
আহতরা হলেন— পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রিকশাচালক সোহাহ হাওলাদার (২৫) ও রতনদী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইমরান হোসেন (৪০)।

- বিজ্ঞাপন -

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুই তরুণ দ্রুতগতির একটি মোটরসাইকেলে কালিকাপুর থেকে গলাচিপা শহরের দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা সড়ক দিয়ে একটা ছোট গলিতে প্রবেশ করিতেছিল। এসময় গ্রামীণ ব্যাংকের সামনে তাদের মোটরসাইকেলের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তামিম ইকবাল ও আল ফয়সাল গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিম ইকবালকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আল ফয়সাল মারা যান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঈদের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button